আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং। এ বছর যে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হবেন, সে জল্পনা ছিলই। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ে গেল। আগামী মরশুমের জন্য যুবিকে নতুন ভূমিকায় নিয়োগ করল দিল্লির দলটি। একই সঙ্গে সহকারী কোচ এবং ব্যাটিং কোচ এই দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁরই একসময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
যুবরাজ যে এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পারেন সে জল্পনা আগে থেকেই ছিল। মাস দুয়েক আগে থেকেই তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত দিল্লির ট্রায়াল ক্যাম্পেও তিনি হেডকোচ সৌরভের সঙ্গে ছিলেন। এতদিন স্পষ্ট ছিল না তিনি কোন ভূমিকায় দিল্লি ক্যাপিটালসে থাকবেন। এবার সেটাও স্পষ্ট করে দিল ফ্র্যাঞ্চাইজি।
তবে যুবরাজ দায়িত্ব নিলে সেটা হবে তাঁর আইপিএলে কোচিংয়ের নতুন অভিজ্ঞতা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের নায়ক গত কয়েক বছরে তরুণ ব্যাটারদের মেন্টর হিসাবে যথেষ্ট সক্রিয়। শুভমান গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটাররাও যুবির পরামর্শ মেনে উপকার পেয়েছেন। যুবরাজের সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক খুবই ভালো। এই উইকেটরক্ষক-ব্যাটারের লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লিতে ‘ঘরওয়াপসি’ হয়েছে। কেরিয়ারের কঠিন সময়ে পন্থ যুবরাজের পরামর্শ নিয়েছেন। গত আইপিএলের আগেও মুম্বইয়ে যুবরাজের তত্ত্বাবধানে পন্থকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফলে পন্থ-সৌরভ-যুবরাজকে একসঙ্গে এই মরশুমে দিল্লির ডাগআউটে দেখা যাবে।
সৌরভের সঙ্গে যুবরাজের পুরনো সম্পর্কও এই জল্পনায় আলাদা মাত্রা যোগ করছে। দেশের জার্সিতে যুবরাজের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ। সেই সম্পর্কের কারণেই যুবরাজকে দিল্লির কোচিংয়ে আনার ব্যাপারে সৌরভ আগ্রহী ছিলেন বলে খবর। পরপর দুই মরশুম প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। গতবার আইপিএলে তাদের শেষ করতে হয়েছে ষষ্ঠ স্থানে। ১৯ মরশুম পেরিয়ে গেলেও বহুকাঙ্ক্ষিত আইপিএল ট্রফি অধরা তাদের। তবে ২০২০ সালে ফাইনালে উঠেছিল তারা। সেটাই তাদের সেরা সাফল্য। এখন দেখার, আসন্ন মরশুমে সৌরভ-যুবরাজের জুটি দিল্লির ভাগ্য বদলাতে পারে কিনা।
