সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাশিয়া বেগম (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশিয়া বেগম ছাতক উপজেলার পাগনারপাড় গ্রামের মৃত মাহিজ আলীর মেয়ে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে রাশিয়া বেগমের মরদেহ ভাসতে দেখেন তাঁর স্বামী তাজুল ইসলাম ও মেয়ে নাদিয়া। পরে তাঁরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি নাদিয়া মুঠোফোনে তাঁর নানার বাড়িতে জানান।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।
