পরিচালক রায়ান কুগলার বলেন, আমি দীর্ঘদিন ধরে “এক্স-ফাইলস”-এর ভক্ত। তাই এর পাইলট পর্বের চিত্রনাট্য লেখা ও পরিচালনার সুযোগ পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার
নব্বইয়ের দশকের জনপ্রিয় সাইফাই ও অপ্রাকৃত ঘরানার সিরিজ ‘এক্স-ফাইলস’ নতুন করে তৈরি হচ্ছে। আর রায়ান কুগলারের এ রিবুট সিরিজ প্রচার করবে ওটিটি প্লাটফর্ম হুলু, সম্প্রতি এ অনুমোদন চূড়ান্ত হয়েছে। খবর ভ্যারাইটি।
নতুন এ সিরিজে অভিনয় করছেন ড্যানিয়েল ডেডওয়াইলার ও হিমেশ প্যাটেল।
সিরিজের কেন্দ্রে থাকছে এফবিআইয়ের দুই অত্যন্ত দক্ষ কিন্তু ভিন্ন স্বভাবের এজেন্ট। রহস্যময় ও ব্যাখ্যাতীত ঘটনা নিয়ে কাজ করে তারা। সেখান থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে এক অপ্রত্যাশিত বন্ধন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডেডওয়াইলার ও প্যাটেল অভিনীত চরিত্র দুটি নতুন। তারা মূল সিরিজের জিলিয়ান অ্যান্ডারসনের ডানা স্কালি কিংবা ডেভিড ডুচভনির ফক্স মুল্ডারের চরিত্রে অভিনয় করবেন না।
রিবুট সিরিজের পাইলট পর্বের চিত্রনাট্য, পরিচালনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন কুগলার। গত ফেব্রুয়ারিতে হুলু পাইলট পর্বটি নির্মাণের অনুমোদন দেয়। অস্কারজয়ী সিনেমা ‘সিনার্স’-এর নির্মাতা কুগলার নতুন সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন। তার সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন সিরিজটির শোরানার জেনিফার ইয়েল।
কুগলার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে “এক্স-ফাইলস”-এর ভক্ত। তাই এর পাইলট পর্বের চিত্রনাট্য লেখা ও পরিচালনার সুযোগ পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘ক্রিস কার্টার যে সিরিজটি তৈরি করেছিলেন, সেটি বিশেষ কিছু। মূল সিরিজটি এত মানুষের কাছে জনপ্রিয় হওয়ার পেছনে যেসব বিষয় কাজ করেছে, সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেই জগতে নিজেদের মতো করে প্রবেশের পথ খুঁজেছি। ড্যানিয়েল ও হিমেশসহ আমাদের পুরো অভিনয়শিল্পীদল চরিত্রগুলোকে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। সবকিছু একসঙ্গে বাস্তব রূপ নিতে দেখা এই অভিজ্ঞতার সবচেয়ে তৃপ্তিদায়ক অংশগুলোর একটি।’
এ সিরিজের সঙ্গেও যুক্ত হয়েছেন মূল ‘এক্স-ফাইলস’-এর নির্মাতা ক্রিস কার্টার।
‘সিনার্স’ সিনেমার জন্য অস্কারে ঐতিহাসিক সাফল্যের পর কুগলারের সবচেয়ে আলোচিত প্রকল্প হতে যাচ্ছে নতুন ‘এক্স-ফাইলস’। সিনেমাটি অস্কারে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ে। ভ্যাম্পায়ারভিত্তিক সিনেমাটি চারটি পুরস্কার জেতে। এর মধ্যে ছিল কুগলারের চিত্রনাট্য ও মাইকেল বি জর্ডানের সেরা অভিনেতার পুরস্কার।
মূল ‘এক্স-ফাইলস’ ফক্স টেলিভিশনে মোট ১১টি মৌসুমে প্রচারিত হয়েছিল। সিরিজটি ৬১টি এমি মনোনয়ন পায় এবং ১৫টি পুরস্কার জেতে। সায়েন্স ফিকশন ধারার অন্যতম প্রভাবশালী সিরিজ হিসেবে এটি টেলিভিশন ও জনপ্রিয় সংস্কৃতিতে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে।
নতুন সিরিজের মধ্য দিয়ে আবারো একসঙ্গে কাজ করছেন ডেডওয়াইলার ও প্যাটেল। এর আগে এইচবিও ম্যাক্সের মিনিসিরিজ ‘স্টেশন ইলেভেন’-এ তাদের একসঙ্গে দেখা গেছে। ‘দ্য হার্ডার দে ফল’, ‘টিল’ ও ‘দ্য পিয়ানো লেসন’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত ডেডওয়াইলার। অন্যদিকে প্যাটেল পরিচিত ‘ইস্টএন্ডার্স’, ‘ইয়েস্টারডে’ এবং ‘দ্য ওডিসি’ সিনেমায় পার্শ্বচরিত্রের উল্লেখযোগ্য অভিনয়ের জন্য।
