প্রতিনিধি, মৌলভীবাজার · ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজারে লাইসেন্স ছাড়া এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির দায়ে দুই মামলায় আড়াই হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং গ্যাস নিরাপদে বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পৌরশহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে এলপিজি বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, এ ধরনের অভিযানের উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়, বরং আইন মেনে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের উৎসাহিত করা। একই সঙ্গে গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো।
জনস্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গুগলে আমাদের খবর পেতে
