পাবনায় মাদকসহ গ্রেপ্তার ৫
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে ৫ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় ওই অভিযান চালানো হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড়হাওলিয়া দক্ষিণপাড়ার মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাকির আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল আলীর ছেলে কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজ উদ্দিনের ছেলে সাকিভ উদ্দিন (১৯)।
আরও পড়ুন
পুলিশ জানায়, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ধানুয়াঘাটা গ্রামের নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি করে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি লোহার চাপাতি ও একটি হাতলবিহীন লোহার ঠাংকি।
পুলিশ জানায়, অভিযানে ১৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, ‘এ ধরনের অভিযান চলতে থাকবে।’
আমিনুল ইসলাম/অলি/
আরও পড়ুন
সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রহিত দেওয়ান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির অধীন নারায়ণপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সৌজন্য ও আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা আটক দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। হস্তান্তর প্রক্রিয়া শেষে দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন দুই পুলিশ সদস্য। এরপর স্থানীয়রা তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দলটি আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদককারবারি ভারতের সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।
ধাওয়ার একপর্যায়ে রোহিত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গেলে ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে তাকে ছাড়াতে এগিয়ে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটকে রাখা হয়। এরপর ভারতীয় নাগরিকরা দুই পুলিশ সদস্যকে বিএসএফের হাতে তুলে দেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, ‘মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় দুই পুলিশ সদস্য ভারতের অংশে চলে যান। পরে ভারতীয় নাগরিকরা তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।’
পরে শুক্রবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা হয়েছে।
জহির শান্ত/অলি/
আরও পড়ুন
জয়পুরহাটে সনাতন পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটের পাঁচবিবিতে ১৮শ সনাতন পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রদল নেতা ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় পাঁচবিবি খাদ্য গুদাম এলাকার স্থানীয় একটি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের হাতে একটি শাড়ি, চিনি, নারিকেলসহ প্রায় ১ হাজার টাকা মূল্যের পূজাসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারি মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল।
পূজায় এমন উপহার পেয়ে বেশ খুশি সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো।
শামীম হোসেন মন্ডল জানান, দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ আয়োজন করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাগর কুমার/তামান্না রুপা/
আরও পড়ুন
টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি পাঞ্জাবি উপহার প্রতিমন্ত্রী টুকুর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এর মধ্যে ২ হাজার ৫০০ নারী পুরুষের মধ্যে শাড়ি পাঞ্জাবি বিতরণ করা হয়। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জন প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের উপহার দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।’
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
জুয়েল রানা/অলি/
আরও পড়ুন
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল উদ্ধার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার, ২টি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা এলাকার আমবাগান থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে না পাওয়ায় কোনো গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন
এসআরবির ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতকারীরা আম বাগানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. আসাদুল্লাহ
