রংপুরের কাউনিয়ায় দিনদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ফখরুল আলম রতন উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফকরুল আলম রতন একটি এনজিওতে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে তিনি বাড়িতে জমিজমা দেখাশুনা করতেন। সোমবার বিকেলে ফকরুল বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। পরে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফখরুল আলম রতন স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়নের বড় ভাই এবং তিনি নিজেও আওয়ামী লীগের কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তার ও বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে রতনের বিরোধ চলে আসছিল, এরই জেরে তাকে হত্যা করা হতে পারে বলে।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
