কালবেলা · সাধারণ
প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক
২০/১০/২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা প্রবাসী দম্পতিকে জিম্মি করে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষক দল নেতা রিয়াদ হাসান বয়াতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াদ রায়পুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার নেতৃত্বে প্রবাসী ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী সবুজ ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। পরদিন সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থলে প্রবাসী সবুজের স্ত্রীর মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল। এতে সাথী তার বান্ধবী মিলিদের দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ওই বাসায় যান তারা। এর মধ্যে হঠাৎ অভিযুক্তরা বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। পরে সাথীর প্রায় এক ভরি ২ আনা স্বর্ণালংকার লুট করেন তারা। মিলি তাদের বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
পরে জিম্মি করে ২৫ হাজার টাকাসহ ব্যাংকের কার্ড নিয়ে নেন অভিযুক্তরা। বাদী ও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় বাদী তাদের বিয়ের ছবি দেখালে হুমকি-ধমকি দিয়ে চলে যান তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, রিয়াদ নামের একজনকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗