টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ির আঙিনার আবর্জনা ফেলতে গিয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় সুন্দরী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুন্দরী বেগম হাজরাবাড়ী গ্রামের মৃত আমান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সুন্দরী বেগম নিজ বাড়ির আঙিনা পরিষ্কার করে জমানো ময়লা-আবর্জনা রাস্তার অপর পাশে ফেলতে যান। ময়লা ফেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে জামালপুরগামী ‘মায়ের দোয়া পরিবহন’র একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
