আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে নাও খেলতে পারেন যশপ্রীত বুমরা। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক চাইছে, পুরোপুরি টেস্ট সিরিজে ফোকাস করুক তারকা পেসার। বুমরা সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছে। ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়াতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ভারতের। তার আগে ভারতের এ দলের তৃতীয় ম্যাচে বুমরাকে খেলাতে চাইছে গৌতম গম্ভীর এবং তাঁর কোচিং টিম। ৬ নভেম্বর ভারতীয় 'এ' দলের ম্যাচ। ১৯ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্ট। দুটো ম্যাচেই মধ্যে যথাযথ গ্যাপ রয়েছে। ইতিমধ্যেই আহমেদাবাদে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বুমরা। নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেবেন বুমরা।
বোর্ডের এক সূত্র বলেন, 'বুমরা সম্পূর্ণ ফিট। কিন্তু লম্বা সফরের আগে আমাদের ঠিক করতে হবে কোন ফরম্যাটে ওকে খেলানো হবে। টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তাই একদিনের সিরিজে ওকে খেলিয়ে ক্লান্ত করে ফেলার কোনও মানে নেই। তারপর অল্প দিনের মধ্যে লাল বলের ক্রিকেটে ফোকাস ফেরাতে হবে। বোলিং বিভাগে ও আমাদের নেতা। আমরা তরতাজা, তৈরি বুমরাকে চাই।' গতবছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার এক সিরিজে বিভিন্ন ফরম্যাটে খেলেন তারকা পেসার।
বছরের শুরুতে হাঁটুর চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্টের সিরিজ থেকে ছিটকে যান বুমরা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে তাঁকে পুরোপুরি ফিট এবং তৈরি চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক হয়েছে। শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজ নয়, পরের বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ফোকাস করা হচ্ছে। সেই কারণেই একদিনের দ্বিপাক্ষিক সিরিজে তারকা পেসারকে খেলাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা না খেললে, অবাক হওয়ার কিছু নেই। বোর্ডের সূত্র বলেন, 'আমরা শুধু নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না, পরিকল্পনায় বর্ডার-গাভাসকর সিরিজও আছে। সুতরাং, বুমরাকে দ্বিপাক্ষিক সিরিজে খেলিয়ে লাভ নেই। এই মুহূর্তে আমাদের ফোকাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা সেটা লক্ষ্য করে এগোচ্ছি।' কয়েকদিনের মধ্যেই ঘোষিত হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টেস্ট এবং একদিনের দল। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঋষভ পন্থের চোটের আপডেটের অপেক্ষায় নির্বাচকরা।
