খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। নতুন বলে রীতিমতো আগুন ঝড়ান তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতে একাই তুলে নেন ৩ উইকেট। ধুঁকতে থাকা রোডেশিয়ানদের টেনে তোলেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। দুই অভিজ্ঞ ব্যাটার চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পাওয়া পেয়েছে রোডেশিয়ানরা।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন আরভিন। বাংলাদেশের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন তাসকিন।
ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করে উড়ন্ত শুরু এনে দেন তাসকিন। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার। তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হয়েছেন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর দেখে-শুনে খেলে ভিত গড়ার চেষ্টা করেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাতে সফলও হয়েছেন তারা। দুই অভিজ্ঞ ব্যাটার মিলে চতুর্থ উইকেট জুটিতে ১৫০ রান তোলেন। বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন সাইফ হাসান। ৮১ রান করে ফিরেছেন টেলর।
এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরভিন। সেঞ্চুরি হাতছাড়া করা এই ব্যাটারকে ফেরান শরিফুল। তার ব্যাট থেকে এসেছে ৯৩ রান। এরপর সিকান্দার রাজা-ব্রাড ইভান্সরা দ্রুত ফিরলে আবারও চেপে ধরে বাংলাদেশ। তবে শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামহুরি। দুজনে সমান ২১ রান করে অপরাজিত থেকেছেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
খুলনা গেজেট/এএজে
