শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদলের সহসভাপতি শরীফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে পেয়ারা, কাঠবাদাম, জলপাই, নিম, আমলকী, তাল, জাম, সুপারি, পামসহ বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কিন স্কুলের শিশু, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এসব চারা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক পাবেল শাহরিয়ার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শাবিপ্রবি শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুহাগ ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শরীফ আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকে তিনি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তিগত উদ্যোগে টিউশনির টাকা দিয়ে শরীফ আহমেদের চারা বিতরণের বিষয়টি অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষার্থী ও ক্যাম্পাসের কল্যাণে অন্য সংগঠন ও ছাত্রনেতাদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।
