আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দুর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘির পাড় এলাকার সরস্বতী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।
তিনি জানান, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে মোবাইল ও পেট্রোলিং টিমের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেওয়া হবে। পাশাপাশি সাদা পোশাকে এসআরবির সদস্যরা নজরদারি করবেন।
গুজব ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধেও এসআরবি তৎপর থাকবে বলে জানান তিনি।
এ সময় কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধরসহ জেলা পূজা উদ্যাপন পরিষদ ও বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/
