কালবেলা · সাধারণ
মেট্রোরেলের পিলারে শেখ হাসিনা এবং ছাত্রদলকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য যুক্ত ছবিগুলো এআই জেনারেটেড
১৭/১০/২০২৬

সম্প্রতি, মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার গ্রাফিতি আঁকা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটিতে লেখা, ‘শেখ হাসিনা তৈরী করে যে মেট্রোরেল, আমার পোলা আমার ছবি আঁকে সেই মেট্রোরেলের পিলারে। কি দুর্ভাগ্য আমার!’ (১, ২) এবং একটিতে লেখা ‘বস্তির ছেলেপেলে বা টোকাই এনে ছাত্রদল গঠন করা যাবে না- বেগম খালেদা জিয়া’ (১, ২)।
তবে অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার একটি গ্রাফিতির ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এডিট বা সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
বিস্তারিত
অনুসন্ধানে রিজওয়ান রাজু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ অক্টোবর রাত ১০টা ৩১ মিনিটে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে যুক্ত ছবির সঙ্গে আলোচিত ছবিগুলোর অ্যাঙ্গেল, ব্যাকগ্রাউন্ড, আলো মিল রয়েছে। তবে, রিজওয়ান রাজুর পোস্টে থাকা ছবিতে খালেদা জিয়ার গ্রাফিতির সঙ্গে ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ শীর্ষক উক্তি রয়েছে।
এছাড়া, শরিফ হোসাইন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৫৮ মিনিটে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। সেখানেও দেখা যায়, খালেদা জিয়ার গ্রাফিতির সঙ্গে ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ শীর্ষক লেখা রয়েছে।
পরবর্তীতে, শেখ হাসিনা এবং ছাত্রদলকে নিয়ে লিখা যুক্ত ছবিগুলো এআই ভেরিফাই দিয়ে যাচাই করে দেখা যায়, এগুলো ওপেন এআই দিয়ে তৈরি।
অতএব, ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ শীর্ষক লেখা যুক্ত খালেদা জিয়ার গ্রাফিতির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র সহযোগিতায় এডিট বা সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗