দেশে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে চালু হলো সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে মোনাজাত পরিচালনার মাধ্যমে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেন। নিজস্ব অর্থায়নে স্থাপিত এ সিস্টেম থেকে প্রথমে কার্যালয়ের বিদ্যুতের চাহিদা মেটানো হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর জেলা বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালুর মধ্য দিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলও তাদের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা করছেন। জেলা বিএনপির এ বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে। যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয়, পর্যায়ক্রমে সেসব স্থানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, সেচে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমবে। সূর্যের আলো কাজে লাগিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের আগ্রহ অব্যাহত থাকলে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হতে পারে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নিজস্ব ও নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে বিদ্যুতের চাহিদা মেটানো যায়, সেই চিন্তা থেকেই জেলা বিএনপি এ উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দুই কিলোওয়াটের সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ইনভার্টার সিস্টেমের মাধ্যমে পরবর্তী সময়ে এর সক্ষমতা ছয় কিলোওয়াটে উন্নীত করা যাবে। সাবেরুল হক সাবু আরও বলেন, তাঁর জানা মতে, রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর ক্ষেত্রে যশোরই প্রথম। দেশের অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের কার্যালয়ে এ মডেল বাস্তবায়ন করলে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের এ উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
The post যশোরে বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে appeared first on ভোরের চেতনা.
