ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়ে হয়রানি ও আইনি জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ পরামর্শ দেন।
পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার সেন্টারে আগত আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি ভিসা সেন্টারের সার্বিক সেবা পরিবেশ ও ভিড় ব্যবস্থাপনা পর্যালোচনা করেন তিনি।
মনোজ কুমার বলেন, কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেদেরই নির্ধারিত নিয়মে ও সঠিক স্লট গ্রহণ করে ভিসার আবেদন করা উচিত। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে তৈরি করে নিজ উদ্যোগে আবেদন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি ও জটিলতা এড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, আবেদনকারীদের অজ্ঞতা বা অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালেরা ভুল তথ্য ও নকল কাগজপত্র জমা দেওয়ার ঝুঁকি তৈরি করে, যা পরবর্তীতে ভিসা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিয়মিত সতর্কবার্তা প্রচার করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ভিসা সেন্টারের পরিষেবা প্রসঙ্গে সহকারী হাইকমিশনার জানান, এটি তাঁর নিয়মিত পরিদর্শনের অংশ এবং কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে ভিড় নিয়ন্ত্রণে ও সেবা সহজীকরণে সেন্টারের ব্যবস্থাপনা নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।
জেএইচআর
