কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে রেললাইন সংস্কার ও কারিগরি কাজ চলমান থাকায় ওই পথে ট্রেন চলাচল তখনও স্বাভাবিক হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের আগেই লাইনটি সচল করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন দিয়ে উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর শুরু হওয়া এ কাজ শেষ করতে আরও প্রায় ১০ ঘণ্টা লাগে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
