আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

প্রভাত বিনোদন : হলিউডের রূপালি পর্দায় তার উপস্থিতি মানেই অভিনয়ের অনন্য এক অভিজ্ঞতা। কখনো মাফিয়া পরিবারের উত্তরাধিকারী মাইকেল করলিওনে, কখনো দুর্ধর্ষ টনি মন্টানা—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন আল পাচিনো। ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এই বর্ষীয়ান অভিনেতা এবার পাচ্ছেন আজীবন সম্মাননা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অভিনয়শিল্পীদের সংগঠন ‘সাগ আফট্রা’ ঘোষণা করেছে, ২০২৭ সালে তাদের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৬ বছর বয়সী আল পাচিনো। সংগঠনটির দেওয়া এই সম্মাননার ৬২তম প্রাপক তিনি।
আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসের আয়োজন। সেখানেই তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে নেটফ্লিক্সে।
আল পাচিনোর অভিনয়জীবনের উল্লেখযোগ্য অধ্যায়জুড়ে রয়েছে অসংখ্য স্মরণীয় চরিত্র। ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল করলিওনে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার সাফল্যের সূচনা হয়। এরপর ১৯৭৩ সালের ‘সারপিকো’তে বাস্তব জীবনের পুলিশ কর্মকর্তা ফ্র্যাঙ্ক সারপিকো এবং ১৯৮৩ সালের ‘স্কারফেস’ সিনেমায় মায়ামির গ্যাংস্টার টনি মন্টানা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন তিনি। ২০১৯ সালে কোয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম… ইন হলিউড’ সিনেমায় হলিউডের এজেন্ট মারভিন শোয়ার্জ চরিত্রেও দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।
নিউইয়র্কে আলফ্রেডো জেমস পাচিনো নামে জন্ম নেওয়া এই অভিনেতাকে ষাটের দশকে নিয়মিত কাজ পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল। পরে ‘দ্য গডফাদার’-এর সাফল্য তাকে হলিউডে প্রতিষ্ঠিত করে। ছয় দশকের বেশি সময়ের সেই পথচলায় অভিনয়, পুরস্কার ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি, নতুন এই সম্মাননা যেন তারই আরেকটি স্বীকৃতি।
More News Of This Category

