কুষ্টিয়ার ভেড়ামারায় রাতভর অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মামুন আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন আলী উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মামুন আলী বাহাদুরপুর ইউনিয়নসহ ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসীদের সঙ্গে সমন্বয় করে নদীর চর দখল, নদীপথে চলাচলকারী যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায় এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপকর্ম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশের ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভেড়ামারা থানা-পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর দুটি পরোয়ানার ভিত্তিতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর
