ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসের গ্যাজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা ঘটনাস্থলে নিজেদের ছাত্রলীগের পদধারী হিসেবে পরিচয় দিয়েছেন। শাহবাগ থানার একজন উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সহসম্পাদক ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, অনশন কর্মসূচি থেকে তারা নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে পেয়েছেন। তারা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
