গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ নয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ মার্কেটের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে যায়। আগুন দেখে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
