পুজো দেখতে গিয়ে গাড়ি রাখতেই নাজেহাল আমজনতা। পার্কিং করতে গুনতে হচ্ছে মোটা টাকা। কোথাও চার চাকার পার্কিংয়ের জন্য ৫০ টাকা, কোথাও ৭০ টাকা, আবার কোথাও তারও বেশি রেট! শিল্পাঞ্চলের দুর্গাপুজোয় পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঘিরে এবার কড়া হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, “সাধারণ মানুষকে হয়রানি করে পার্কিংয়ের নামে জুলুমবাজি বরদাস্ত করা হবে না। অতিরিক্ত টাকা নেওয়া হলে পার্কিংয়ের কুপন হাতে থানায় গিয়ে এফআইআর করুন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”
বিধায়কের এই হুঁশিয়ারিতে পুজোর মরশুমে পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে শিল্পাঞ্চলে। পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ক্ষোভ বাড়ছে দর্শনার্থীদের মধ্যে। পরিবারের সদস্যদের নিয়ে পুজো দেখতে বেরিয়ে গাড়ি রাখার জায়গা খুঁজতে গিয়ে একদিকে যেমন নাজেহাল হতে হচ্ছে, তেমনই গাড়ি পার্কিং করাতে গিয়ে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ, কোথাও চার চাকা পিছু ৫০ টাকা, কোথাও ৭০ টাকা, আবার কোনও কোনও জায়গায় তারও বেশি টাকা দাবি করা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শনার্থীরা। তাঁদের প্রশ্ন, পুজো দেখতে এসে পার্কিংয়ের নামে কেন অতিরিক্ত টাকা গুনতে হবে? প্রশাসনের নজরদারি কোথায়?
এই পরিস্থিতিতে পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, পার্কিংয়ের বরাত পাওয়া হয়েছে বলেই সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমতো টাকা নেওয়া যায় না। নির্ধারিত হারের বাইরে টাকা আদায় করা হলে তা নিয়ে অভিযোগ জানাতে হবে। বিধায়ক বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে, বেশি টাকা নেওয়া হচ্ছে। আপনারা কুপন নিয়ে এফআইআর করুন। আমরা ব্যবস্থা গ্রহণ করব।”
