নীলফামালীর ডিমলা উপজেলায় মায়ের বকুনির পর কীটনাশক পান করে শেখ ফরিদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদ উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহাসন গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে ছাতনাই বারোবিশা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে ফরিদ বড়। বৃহস্পতিবার বিকেলে খেলতে যাওয়াকে কেন্দ্র করে তার মা সেফালী বেগম তাকে বকাঝকা করেন। এর পরপরই অভিমান করে সে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ফরিদকে হাসপাতালে আনার সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই বাংলা/এমএস
