কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: মাসুদ মিলন
এ যেন এক মহাযজ্ঞ। বাংলাদেশেরই নাগরিকদের উদ্যোগে বিশ্বের ১১টি দেশে ৩০ টি দেশের অংশগ্রহণে অপেশাদার ক্রিকেটারদের নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানী এক পাঁচ তারকা হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেকে কেটে আয়োজকদের পক্ষ থেকে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানের মধ্যমনি হয়ে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার হাতে হাত রেখে কেক কাটায় অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, জাতীয় দলের সাবেক ক্রিকেটার অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমন বেলিম গুল্লা, মেহরব হোসেন অপি, বিসিবর পরিচালক রফিকুল ইসলাম বাবু, মঈনউদ্দিন চৌধুরী কামরু, শেখ মো. রুহুল আমিন, আয়োজক এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া।
প্রথমবারের মতো আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন,মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে ১০টি ক্লাব খেলবে।
এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায়। উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নিবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এমন উদ্যোগের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ হবে। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ জানান, অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ভালোমানের ব্রডকাস্টিং নিশ্চিত করতে ওটিটি প্লাটফর্ম চালু করা হয়েছে।
এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিসিবির পরিচালক রফিকুল ইসলাম বাবু, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলীম গুল্লু, প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।
পলাশ/এএফ
