প্রকাশিত: ২২:১২, ১২ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের ছয়টি সিএনজি স্টেশনের বিরুদ্ধে গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি অবৈধভাবে লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে অভিযান চালিয়ে স্টেশনগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে গাজীপুরে এ অভিযান শুরু হয়। দিনব্যাপি অভিযানে অংশ নেন দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক এনামুল হক।
অভিযানে রিয়াজ ফিলিং স্টেশনের বিরুদ্ধে ক্যাপটিভ ও সিএনজি গ্যাস সংযোগের শ্রেণিবিন্যাসে অনিয়মের অভিযোগ আনা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গ্যাসের অপব্যবহার, অবৈধ সরবরাহ ও খাতসংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্যাস খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে ভবিষ্যতেও যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে দুদক।
