শরীয়তপুরের গোসাইরহাটে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ছয়জন পালিয়ে যান।
রোববার (২৫ অক্টোবর) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর রানিসা এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর রানিসা এলাকায় মোতালেব সরদারের বাড়ির পাশে একটি ধানক্ষেতের মধ্যে পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডামুড্যা উপজেলার চর সিধলকুড়া এলাকার বাবু বাঘা (৩৪), আদাসন এলাকার জালাল মৃধা (৪৭) এবং নয়া কান্দি এলাকার রিফাত দেওয়ান (৩০)।
অভিযানকালে ঘটনাস্থল থেকে এক সেট তাস, একটি প্লাস্টিকের চট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় আরও ছয়জন কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় গোসাইরহাট থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
