সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। এই মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য নয় বরং, ভিডিওটি ২০১৫ সালের ভিন্ন ঘটনার।
বিস্তারিত
অনুসন্ধানে টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইটে ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার দায়ে মুসলিমদের পবিত্র শহর মক্কায় মিয়ানমারের নাগরিক লায়লা বিনতে আব্দুল মুত্তালেব বাসিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই ঘটনার দৃশ্য এটি।
একই তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল ডন, ডেইলি মেইল এবং মিডিল ইস্ট আই সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
পাশাপাশি, গত ১৪ অক্টোবর কার্যকর হওয়া দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো ছবি বা দৃশ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
অতএব, প্রচারিত ভিডিওটি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য নয়।
