ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে জুকার দ্বীপের কাছে সৌদি আরবের হামলার লক্ষ্যবস্তু হয়েছে ১৪ ভারতীয় নাগরিক বহনকারী একটি প্রমোদতরি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতিরা জানায়, তাতে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করছে তাদের বাহিনী। খবর এনডিটিভির।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, জুকার দ্বীপের কাছে সৌদি বাহিনী ভারতীয় নাগরিকদের বহনকারী একটি প্রমোদতরিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের উদ্ধারের চেষ্টা করছে। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।’
সারি অভিযোগ করেন, সৌদি আরবের এ ধরনের কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের পদক্ষেপ বন্ধে উদ্যোগ নেওয়া।
এদিকে ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে পাওয়া প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ১৪ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এক্সে দেওয়া দূতাবাসের পোস্টে বলা হয়, ইয়েমেনের উপকূলে একটি প্রমোদতরিতে থাকা ১৪ ভারতীয় নাগরিককে ঘিরে ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এর এক দিন আগে সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হন। ওই ঘটনায় আরও একজন নিহত এবং দুই ভারতীয় নাগরিক আহত হন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
সূত্র : এনডিটিভি
