বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ের শঙ্কায় বন্দরে ৪ নম্বর সতর্কতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
-->বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যা শক্তি সঞ্চয় করে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে প্রবল হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এ অবস্থায় সতর্কতা জারি করা হয়েছে দেশের চার সমুদ্র বন্দরে।
রবিবার (২৫ অক্টোবর) বিশেষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.২° উত্তর অক্ষাংশ এবং ৯১.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি ২৫ অক্টোবর সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আরও পড়ুন
নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অন্তরা/
আরও পড়ুন
একনেকের বৈঠক স্থগিত, পিছিয়ে গেল ১৫ প্রকল্পের অনুমোদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
ফাইল ছবি
-->প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি বিবেচনায় নিয়েই গতকাল রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রবিবার রাতের ফ্লাইটে প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা দেবেন। সফরের আগে তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে। এ অবস্থায় একনেকের বৈঠক শুরু হলে দুপুরের খাবারের আগে তা শেষ করা সম্ভব হতো না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদনও পিছিয়ে গেছে।
অনুমোদনের অপেক্ষায় থাকা উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও ছিল তালিকায়।
একনেকে উপস্থাপনের জন্য প্রস্তুত করা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা এবং ফুটপাত উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার জন্য দুটি প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
স্বাস্থ্য খাতের আওতায় দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পটিও অনুমোদনের জন্য উপস্থাপনের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সালমান/
আরও পড়ুন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তিনি।
রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে ঢাকায় আনা হয়।
অন্তরা/
আরও পড়ুন
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
-->অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতির বিকাশের লক্ষ্যে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।
আরও পড়ুন
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে শুরু হতে যাওয়া ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এই এক্সপোর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের নতুন সুযোগ তৈরি হবে, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এই সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা অনুসন্ধানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন তিনি।
অন্তরা/
আরও পড়ুন
৪ দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত
-->জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
রবিবার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন
সফরকালে জাইকা, জেট্রো, জেবিআইসি ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচি রয়েছে।
সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হতে পারে। গুরুত্ব পাবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নে সমঝোতা স্মারক সই বা সহযোগিতার ঘোষণা আসতে পারে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্তরা/
