ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সহযোগিতা করছে না বিরোধী দল। সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে অনেকে সংস্কার বলতে পারেন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল এই উদ্যোগকে সংস্কার হিসেবে বিবেচনা করলে সরকারের আপত্তি নেই। তবে বিরোধী দল হিসেবে তারা এখন পর্যন্ত সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।
তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। জুলাইকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের চেতনা তুলে ধরতে হবে। শুধু জুলাই মাসে বা বার্ষিক আয়োজনে স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না। শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তাঁদের আকাঙ্ক্ষা, জাতীয় প্রত্যাশা ও জনমানুষের আশা পূরণ করতে হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয়েছে। তবে এর কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনবিষয়ক। আইনি বিষয় ও বিধিবিধান নিয়ে কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সেই পরিকল্পনার অংশ।
