বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (বিএসপিএমআর) যৌথ উদ্যোগে সম্প্রতি এ আয়োজন করা হয়।
আর্থ্রাইটিস ও পেশি-হাড়-জোড়াসংক্রান্ত রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এম জামান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের নির্বাহী সভাপতি অধ্যাপক মো. তাসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেন, উপপরিচালক ডা. আশরাফ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মিনহাজ, সহযোগী অধ্যাপক ডা. আতিকুল্লাহ এবং বিএসপিএমআরের সাধারণ সম্পাদক ড. এম. এ. কে. আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. মো. সোহেল রানা।
সিম্পোজিয়ামে দুটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। ‘অ্যা ডাবল থ্রেট টু মোবিলিটি: ব্যাক পেইন উইথ হিপ পেইন ইন আ ইয়াং ম্যান’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন এমডি রেসিডেন্ট চিকিৎসক ডা. আতিকুন্নেসা। ‘অ্যা কমপ্লেক্স হিপ-পেলভিক-স্পাইনাল চ্যালেঞ্জ ইন আ ১২-ইয়ার-ওল্ড গার্ল’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন ডা. লুনা আক্তার।
গবেষণাপত্রগুলোর ওপর বিশেষজ্ঞ মতামত দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মো. মনোয়ার আলী, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. লুৎফান নেসা এবং রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. রাফিয়া আফরোজ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম এম জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বহির্বিভাগে সপ্তাহের ছয় দিনে ছয়টি বিশেষায়িত ক্লিনিক চালুর ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের বিশেষায়িত সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারলে সাধারণ রোগীরা উপকৃত হবেন।
নেভিয়ান লাইফসায়েন্স পিএলসির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম মাহফুজ খান।
সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য
২৬ মিনিট আগে
১০ অক্টোবর ২০২৬
২৯ সেপ্টেম্বর ২০২৬
