Published on
:
1 min read
দশমীর রাতেই সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের বসিনা মণ্ডলপাড়া এলাকায়। অভিযোগের তির বিজেপির স্থানীয় কর্মীদের দিকে। সিপিএমের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও এই কার্যালয়টি দখল করার চেষ্টা করা হয়েছিল। এর পাশাপাশি, সিপিএমের এই দপ্তরের কাছেই কংগ্রেসের একটি কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, কংগ্রেসের ওই কার্যালয় রাজারহাটের শিবতলা এলাকায় অবস্থিত।
সিপিএম নেতা সপ্তর্ষি দেবের দাবি, এই পার্টি অফিসটি অনেক বছরের পুরোনো। বুধবার বিজয়া দশমীর রাতে পার্টি অফিসে কেউ না থাকার সুযোগ নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ তাঁর। সপ্তর্ষির দাবি, বুধবার রাত তিনটে নাগাদ তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সিপিএম কর্মীদের অভিযোগ, এর আগেও রাজারহাট এলাকায় সিপিএমের একাধিক পার্টি অফিসে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।
অন্য দিকে, বুধবার রাতে রাজারহাটের শিবতলা এলাকায় কংগ্রেসের একটি পার্টি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এ ক্ষেত্রেও অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। প্রসঙ্গত, এই পার্টি অফিসটি বসিনা মণ্ডলপাড়ায় সিপিএমের পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত বলে খবর। এই প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা আব্দুল মোহিত জানান, মোটরবাইকে চড়ে একাধিক ব্যক্তি এসে পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। অফিসের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক পীযূষ কানোড়িয়া। তিনি বলেন, ‘আজকের দিনে ওদের কোনও হদিশ নেই, কোনও স্থান নেই। কোন পার্টি অফিস ভাঙচুর করছে? কার পার্টি অফিস?’ তাঁর সংযোজন, ‘একটা জায়গাও যদি দেখাতে পারেন যেখানে কোনও বিজেপি নেতৃত্ব গিয়ে ভাঙচুর করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো।’
