মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় সরকারি বরাদ্দের সার পাচারের সময় ১১ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় সার বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সাব-ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরের দিপু ট্রেডার্সের মালিক ও সাব-ডিলার হাবিবুর রহমান হবি সরকারি বরাদ্দের সার অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার ১১ বস্তা সার ভ্যানে করে নাগরপুরে নেওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা ভ্যানটি আটক করেন। পরে তাঁরা উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটক করা ১১ বস্তা সার পরে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত কৃষকদের কাছে পৌঁছায় এবং কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
The post দৌলতপুরে অবৈধভাবে সার পাচার, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা appeared first on ভোরের চেতনা.
