কমলগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার কুঞ্জবন, শ্রীনাথপুরের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ হিন্দু-মুসলিম নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
‘দারিদ্রমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য’Ñএই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য চলে আসছে, তা এখনো অব্যাহত রয়েছে। পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
