সাংবাদিক আটকের বিষয়ে রাশিয়ার কাছে বিস্তারিত জানতে চেয়েছে জাপান
গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন জাপানি সাংবাদিককে আটক করার ঘোষণা প্রকাশের পর দ্রুত এ বিষয়ে তথ্য প্রদানের জন্য রুশ কর্তৃপক্ষকে জাপান সরকার অনুরোধ করেছে।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি মঙ্গলবার ঘোষণা করে যে, তারা দূর প্রাচ্যের সাখালিন প্রদেশ থেকে দ্য হোক্কাইদো শিম্বুন প্রেসের ইয়ুঝনো-সাখালিনস্ক ব্যুরোর একজন সাংবাদিককে আটক করেছে।
বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নাকামুরা কিমিতাকে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোযদ্রেভকে তলব করেন এবং অবিলম্বে তথ্য প্রদান, সাংবাদিকের সাথে মানবিক আচরণ ও তার সাথে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকের আটক হওয়ার দৃশ্য সম্বলিত ফুটেজ প্রকাশের প্রতিবাদ করেন নাকামুরা এবং জাপানি পক্ষকে কোনোরকম ব্যাখ্যা না দিয়ে একতরফাভাবে এটি প্রকাশ করার জন্য রাশিয়ার সমালোচনা করেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাত পর্যন্ত যা খবর, তাতে জাপানি কনসুলেট এই আটকের বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি এবং সাংবাদিকের স্বাস্থ্যের অবস্থাসহ বিস্তারিত তথ্য অজানা রয়ে গেছে।