চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সি এক হিন্দু তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)। তারা দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। এ সময় রহিম উদ্দিন নামে এক ব্যক্তি তাকে অপহরণ করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে একটি স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে মোবাইল ফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে নেওয়া হয়। এরপর তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যান।
এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয় কুমার ঘোষ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
