শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭)। এ ছাড়া চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদের নাম জানা গেছে।
অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। আহতদের মধ্যে পাঁচজনের শরীর দগ্ধ হয়েছে। অন্য একজন পড়ে গিয়ে আহত হন।
এদিকে, আগুন থেকে স্ত্রীসহ প্রাণে বেঁচে ফেরা এক যুবক ঘটনার বর্ণনা দিয়ে জানান, তারা রিসোর্টের দোতলায় ছিলেন। সেখান থেকে নিচে নালায় লাফ দিয়ে তারা প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া মরদেহগুলোর শনাক্তকরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে রিসোর্টটিতে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
The post কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি appeared first on ভোরের চেতনা.
