সংবাদ · সাধারণ
বন্দরের কড়াকড়ি: ডাকযোগে কোটি টাকার অবৈধ পণ্য
১৩/১০/২০২৬

চট্টগ্রাম সমুদ্রবন্দরের কড়াকড়ি এড়াতে এবার ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা করেছে একটি চক্র। দুবাই থেকে পাঠানো প্রায় ১ টন অবৈধ প্রসাধনসামগ্রী ও ই-সিগারেটের লিকুইডের একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ১ কোটি টাকার বেশি বলে কাস্টমস সূত্রে জানা গেছে।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ আল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে সেখান থেকে রেলপথে তা চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন ডাকঘরে নেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তা আটক করা হয়। জব্দ করা ২৯টি কার্টন তল্লাশি করে ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। প্রতি কার্টনে ৬৭৯ পিস করে ক্রিম ছিল। এ ছাড়া আরও দুটি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড পাওয়া গেছে।সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ আল আমিন জানান, সমুদ্রবন্দরে মিথ্যা ঘোষণা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ কারণেই একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘরে আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗