যশোর অফিস : ঐতিহাসিক বারবাজার অঞ্চলের মানুষের কল্যাণে সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ অক্টোবর বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে যশোরের উপশহর মহিলা ডিগ্রি কলেজে সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. ইমদাদুল হক।
সভায় বারবাজার অঞ্চলের অবহেলিত শিক্ষার্থী, যুবসমাজ ও বয়স্ক মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ঐতিহাসিক বারবাজার অঞ্চলের ভৌগোলিক পরিধি বিবেচনায় কাষ্ঠভাঙ্গা, রাখালগাছি, মালিয়াট ও হৈবতপুর ইউনিয়নকে সমিতির আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বারবাজার অঞ্চলের স্থায়ী বাসিন্দা, বর্তমানে যশোর শহরে বসবাসরত ব্যক্তিদের সমিতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক, ডা. মো. ইমদাদুল হক ও মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন সোলায়মান হোসেন সোহেল ও মো. তরিকুল ইসলাম।
কমিটির সদস্যরা হলেন—মো. আমিনুর রহমান, মো. আবু বক্কর সিদ্দিক, মো. সাইদুর রহমান পান্নু, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জহুরুল ইসলাম।
সমিতির কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. মো. শাহাবুদ্দিনকে। অন্য সদস্যরা হলেন মো. শফিকুল ইসলাম, আব্দুর রহমান, আজমল হুদা সুমন ও রফিকুল ইসলাম টুটুল।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বারবাজার অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য যশোরে বসবাসরত বারবাজার অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষকে সমিতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

