শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনের শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব মূল্যবোধ ধারণ করে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে অর্থবহ শিক্ষাসংস্কারে অবদান রাখবে।’
এ সময় ২০২৬ সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় কর্মসূচি এগিয়ে নেওয়ার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার উন্নয়নে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
The post শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর appeared first on ভোরের চেতনা.
