সাদিয়া আফরিন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হলো এমন এক আধুনিক কম্পিউটেশনাল প্রযুক্তি, যার মাধ্যমে এমন প্রোগ্রাম তৈরি করা সম্ভব যা মানুষের মতো চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে এবং জটিল কাজ সম্পাদন করতে পারে। এর মূল লক্ষ্য হলো মানুষের চিন্তাশক্তিকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগিয়ে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করা। অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে কাজ সম্পাদনে সক্ষম হওয়ায় এআই ইতোমধ্যেই একটি যুগান্তকারী প্রযুক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে।
এআই আমাদের জীবনযাত্রা, কাজের ধরন এবং শিল্প ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে। স্মার্টফোন, চ্যাটবট, সোশ্যাল মিডিয়া, হোম ইলেকট্রনিক্স, রোবটিক্স, অটোমেশন, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, অটো নেভিগেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এমনকি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে মিডজার্নি বা লিওনার্দোর মতো টুলে এআই ব্যবহার এখন নিয়মিত চর্চা।
যদিও বর্তমানে AI ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এর সূত্রপাত কিন্তু অনেক আগেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ সালে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের উদ্ভব ঘটে। এরপর ১৯৫৬ সালের ডার্টমাউথ সম্মেলনে ‘চিন্তাশীল মেশিন’ ধারণার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা হয়। ২০১০-এর দশকে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে AI প্রযুক্তি বিপ্লবের পথে এগোতে শুরু করে। ২০১৭ সালে ‘ট্রান্সফরমার’ আর্কিটেকচারের আবিষ্কার ভাষা প্রক্রিয়াকরণে বৈপ্লবিক পরিবর্তন আনে, যার ভিত্তিতেই পরবর্তীতে ChatGPT-এর মতো জেনারেটিভ AI বিকশিত হয়। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম চালিকাশক্তি হিসেবেও এআই বিবেচিত হচ্ছে।
বাংলাদেশও এই বৈশ্বিক ধারা থেকে বিচ্ছিন্ন নয়। দেশে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে। কৃষি খাতে এটি ফসলের রোগ নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস ও চাষাবাদে সহায়ক হতে পারে। স্বাস্থ্যখাতে রোগ নির্ণয়, রোগ পর্যবেক্ষণ এবং ওষুধ তৈরিতে AI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা খাতে অনলাইন টিউটোরিয়াল, প্রশাসনিক কাজসহ শিক্ষার ডিজিটাল রূপান্তরেও এআই ব্যবহার করা সম্ভব। শিল্পখাতে উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও গ্রাহক সেবায় AI বিপ্লব আনতে পারে।
তবে সম্ভাবনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কাও অমূলক নয়। চাকরি সুরক্ষা এক বড় প্রশ্ন। রিসেপশন, ফ্রন্টডেস্ক বা কাস্টমার সার্ভিসের মতো কাজগুলোতে AI সহজেই মানুষের বিকল্প হয়ে উঠছে, যা বেকারত্ব বাড়াতে পারে। AI-এর সহজতর তথ্য আহরণের ক্ষমতা গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে, যা ভবিষ্যতে অপব্যবহারের সম্ভাবনাও রাখে। আইন প্রয়োগে এআই ব্যবহারে পক্ষপাত বা ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও থেকে যায়।
শিক্ষায় অতিরিক্ত AI নির্ভরতা শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে দুর্বল করে দিতে পারে। গবেষণায়ও AI-এর অতি-ব্যবহার মানবিক চিন্তা ও সৃজনশীলতাকে প্রতিস্থাপন করতে পারে। সাইবার অপরাধ, ডিজিটাল বিভ্রান্তি এবং নৈতিক অবক্ষয় AI ব্যবহারের ঝুঁকিপূর্ণ দিকগুলোর মধ্যে অন্যতম। এমনকি, যুদ্ধক্ষেত্রে AI ব্যবহারে নতুন ধরনের অস্ত্র তৈরি হতে পারে, যা মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে।
তবে এসব আশঙ্কার মাঝেও অস্বীকার করার উপায় নেই যে, সঠিকভাবে ব্যবহৃত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে আরও দক্ষ, সৃজনশীল ও গতিশীল করে তুলতে পারে। এজন্য প্রয়োজন নীতিগত নিয়ন্ত্রণ, সচেতনতা, এবং দায়িত্বশীল ব্যবহার। AI যেন কেবল প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক না হয়ে মানবকল্যাণের হাতিয়ার হয়, সেটিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।
এআই একদিকে যেমন মানবজাতির অগ্রগতির সম্ভাবনা বহন করে, অন্যদিকে তেমনি দায়িত্বহীন ব্যবহারে এটি হয়ে উঠতে পারে ভয়াবহ অস্ত্র। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এআই একটি আশীর্বাদ, যদি তা সুপরিকল্পিত, নৈতিক ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় বিকশিত হয়। তাই এখনই সময়, কৃত্রিম বুদ্ধিমত্তার গতিপথ নির্ধারণে রাষ্ট্র, গবেষক, নীতিনির্ধারক ও নাগরিক সবাইকে একযোগে দায়িত্ব নিতে হবে।
লেখক: উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ
