মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা মুরাপাড়া গ্রামের কৃষক আমানউল্লাহ আধুনিক পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
মাত্র ২০ শতক জমিতে চায়না পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করে ভালো লাভের আশা করছেন তিনি। তাঁর প্রত্যাশা, উৎপাদন ও বাজারদর অনুকূলে থাকলে এ চাষ থেকেই উল্লেখযোগ্য আয় করা সম্ভব হবে।
কৃষক আমানউল্লাহ জানান, ২০ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করতে তাঁর প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে এ জমি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো অঙ্কের অর্থ তাঁর আয়ের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, স্বল্প জমিতে পরিকল্পিতভাবে সবজি চাষাবাদ করতে পারলে কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। বিশেষ করে আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে মিষ্টি কুমড়ার মতো লাভজনক সবজি চাষ গ্রামীণ কৃষকদের স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা তৈরি করছে।
এদিকে, গতকাল কচ্ছপিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম কৃষক আমানউল্লাহর মিষ্টি কুমড়ার ক্ষেত পরিদর্শন করেন। এ সময় তিনি ফসলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে রোগ প্রতিরোধ দিকনির্দেশনা প্রদান করেন।
The post কচ্ছপিয়ায় আধুনিক পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন কৃষক আমানউল্লাহর appeared first on সকালের খবর ২৪.
