
আবদুস সালাম ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দল বিএনপি। মেয়র পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক আবদুস সালাম অন্যতম।
বিএনপির প্রবীণ এ নেতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন বর্তমান প্রশাসক আবদুস সালাম। গত ২৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আবদুস সালাম বলেছিলেন, ‘কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আগামীতে মেয়র নির্বাচন করব।’
ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং পরিচিত হলেন আবদুস সালাম। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন— এমনটাই জোর আলোচনা চলছে। তবে এর মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির বর্তমান প্রশাসন আবদুস সালাম মেয়র পদে দাঁড়াবেন। গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে আবদুস সালামকে দেখিয়ে প্রতিমন্ত্রীকে মীর শাহে আলমকে বলতে শোনা যায়, ‘আগামী দিনে সিটি কর্পোরেশন নির্বাচন আসবে। এই যে আমার শ্রদ্ধেয় আবদুস সালাম সাহেব মেয়র পদপ্রার্থী হবে। এই যে হাজী মকবুল কাউন্সিলর হবে।’
