শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সারা দেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে বক্তারা আলোচনা করেন।
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আতিকুল গণীর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা আক্তার। এতে বক্তব্য দেন বিজয় রঞ্জন দে, এসআই কামাল, ইয়াসিন সরকার, কিশোর পাল, রবীন্দ্র কুমার দেবনাথ, রূপন দেব ও সীমা সরকার। এবার উপজেলার প্রায় ৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব। সভায় বক্তব্য দেন মো. আব্দুল মান্নান আব্বাস, নুর জামাল খসরু, মো. রবিউল হক রিপন, প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস ও মানবেন্দ্র সাহা।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান।
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। লৌহজংয়ের প্রতিটি পূজামণ্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা করা হয়।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন, জালাল উদ্দিন ফকির, জহিরুল ইসলাম মামুন, মো. কবির উদ্দিন ফকির, মো. রেজাউল করিম, মোহাম্মদ জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ ও মহাসীন মাতুব্বর প্রমুখ।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নুরী তাসমিন উর্মি।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম, ডা. আলী হোসেন শাহ, প্রভাষক আব্দুল আলীম, স্বপন কুমার রায়, গৌতম নন্দী, স্বরূপ কুমার ও নীলরতন প্রমুখ।
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে গতকাল সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী, বর্ণালী দাস, মো. কবির মিয়া, আব্বাস আলী, জুবায়ের আহমেদ চৌধুরী, আমীর আবু রাইয়ান শাহীন ও আউয়াল কালাম বেগ প্রমুখ।
রামু (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুতে এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন স্বরূপ মুহুরী।
চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, চরফ্যাশনে সোমবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, ডা. মাকলুকুর রহমান, কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবীর।
