কালবেলা · অর্থনীতি
খাদ্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করছেন ব্যবসায়ীরা: ক্যাব
১৫/১০/২০২৬

সিন্ডিকেট, মজুতদারি ও কালোবাজারি বন্ধ করে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির নেতারা বলেছেন, নানা অজুহাতে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করছেন ব্যবসায়ীরা। অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নগরের জামালখান প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। ক্যাব চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনের স্লোগান ছিল, ‘থামাও সিন্ডিকেট, খাদ্যপণ্যের দাম কমাও, বাঁচাও জীবন খাদ্য নিরাপত্তার বাংলাদেশ’।
মানববন্ধনে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম বাড়ছে। তিন দফায় সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বেড়েছে জ্বালানি তেল, গ্যাস ও এলপিজির দামও। বৈশ্বিক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটকে অজুহাত করে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরও বলেন, বেকারি পণ্যের দাম বাড়ানোর ঘোষণা পরে প্রত্যাহার করা হলেও মাঠপর্যায়ে তা পুরোপুরি কার্যকর হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির দাম নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীদের একাংশ সেই নির্দেশনা মানছে না।
বক্তারা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করলেও সেখানে সাধারণ ভোক্তাদের স্বার্থ যথাযথ গুরুত্ব পাচ্ছে না। পণ্যের দাম কমানোর প্রসঙ্গ উঠলেই ব্যবসায়ীরা করছাড় ও ভর্তুকির শর্ত সামনে আনছেন। এতে ১৮ কোটি মানুষকে জিম্মি করে অতিমুনাফার সুযোগ তৈরি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ফেস্টিভ্যাল সেল’ আয়োজনের মাধ্যমে তাদের উৎসাহিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে প্রান্তিক মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রি এবং খাদ্য বিভাগের খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়। পাশাপাশি আমদানি শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের দেওয়া ছাড়ের সুফল ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে কঠোর নজরদারি ও বাজার তদারকি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- ক্যাব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, পলিসি অ্যাডভোকেসি গ্রুপ চট্টগ্রামের সভাপতি ও কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, রাজনীতিবিদ ও সমাজকর্মী মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মো. জানে আলম, ক্যাব পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবির এবং যুব ক্যাব নেতা মামুনুল ইসলাম।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মূল প্রতিবেদনে যান ↗