শনিবারের পর রবিবারেও 'দাদার দরবার' জমজমাট হতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'বিগ বস'-এর নতুন ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, সঞ্চালক সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন মনামীকে জিজ্ঞাসা করছেন, বাড়ির পরিস্থিতি এখন কেমন। জবাবে মনামী বলেন, এখন বকা খাওয়ার পর সবাই সেটা নিয়ে আলোচনা করছেন এবং ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন।
কিন্তু মনামীর কথায় মোটেই সন্তুষ্ট হন না সৌরভ। তিনি বলেন, কিছু জিনিস আছে, যেটা বাঁকা থেকে যায় কখনও সোজা হয় না। এই বাড়ির সদস্যদের চরিত্রও তেমন কিছুতেই ঠিক হবে না বলেই তিনি বিশ্বাস করেন। দেখা যায়, সৌরভের এই কথা শুনে মুখ নিচু করে নেন রাজবীর, দুর্নিবার ও জীতু।
এদিকে, শনিবারের 'দাদার দরবার'-এ জানা গেল এই সপ্তাহে বিপদের মুখে এগিয়ে রয়েছেন কোন সদস্যরা। সৌরভ গাঙ্গুলি বাড়ির নতুন ক্যাপ্টেন মনামীকে বলেন নমিনেটেড যাঁরা আছেন, তাঁদের প্রত্যেককে একটা করে ব্যাগ দিতে। সেই ব্যাগে রয়েছে মোহর। যাঁরা সোনালী মোহর পাবেন তাঁরা 'সেফ জোন'-এ, আর যাঁরা কালো মোহর পাবেন তাঁরা 'আনসেফ জোন'-এ। এদিকে, নন্দিনী, রাজবীর, জীতুর উপর থেকে বিপদ কাটলেও 'আনসেফ জোন'-এ তনুশ্রী, সোনামণি ও ভরত। আজ তাঁদের মধ্যে কে বেরিয়ে যাবেন 'বিগ বস'-এর ঘর ছেড়ে এখন সেটাই দেখার।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
প্রসঙ্গত, শনিবারের পর্বের শেষে রাজবীর ও জীতুর ফের ঝামেলা লেগে যায়। নন্দিনীর সঙ্গে কথা কাটাকাটি হতে রাজবীর জীতুর কথার মাঝে এসে পড়েন। ফলে জীতু রেগে গিয়ে তাঁকে বলেন তার বয়স কম, তাই তিনি যেন পুতুল নিয়ে খেলেন। এদিকে, জীতুর কথায় আরও চটে যান রাজবীর। তিনি জীতুর সঙ্গে কথা কাটাকাটি করতে করতে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির সবাই দু'জনকে আটকাতে গেলে কেউই কোনও কথা শোনেন না। পরে দু'জনের ধাক্কাধাক্কিও হয়। এরপর সৌরভ গাঙ্গুলি জানান, তিনি এত বোঝানোর পরেও এরকম আচরণ কিছুতেই মেনে নেবেন না। রাজবীরকে জিজ্ঞাসা করেন তিনি সত্যিই 'বিগ বস'-এ থাকতে চান কি না। জীতু ও রাজবীরের আচরণে ভীষণ রেগে যান দাদা।
