দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছেন। অক্টোবরের প্রথম ১৬ দিনে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯৯ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৯১ জন।
বিআলো/শিলি