ময়মনসিংহের ত্রিশালে রেললাইন পারাপারের সময় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কা ইয়াসিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে ত্রিশাল উপজেলার ফাতেমানগর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কিশোর ইয়াসিন ত্রিশাল উপজেলার যশিদ্বার এলাকার আজিজুল হকের ছেলে।
গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক এসআই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন নিহত ইয়াসিন সকাল ৯ টার দিকে অসাবধানতাবশত রেললাইন পারাপার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি ফাতেমানগর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক এসআই আবুল বাশার আরও বলেন এই ঘটনা ময়মনসিংহ রেলওয়ে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তরের আবেদন করলে মরদেহটি হস্তান্তর করা হয়।ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
