ঢাকা: যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় এবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে (৩৮) গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার বাড়ি মাদারীপুরে। গ্রেফতারের সময় তার থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
ছুফি উল্লাহ বলেন, মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।
এই মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ সরকারি কর্মচারীসহ ৭ জন গ্রেফতার করে এআরবি এবং একজন গ্রেফতার করলো সিআইডি।
