ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত একটি দেশকে স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। একই সঙ্গে তিনি দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
আজ রবিবার (৩১ মে) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুণ রায়। অনুষ্ঠানের আয়োজন করে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি।
নিপুণ রায় বলেন, শহীদ জিয়ার দর্শন ও কর্মসূচি আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তাঁর দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা জাতীয়তাবাদী রাজনীতির কর্মীদের অনুপ্রাণিত করে চলেছে।
তিনি আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য তরুণ, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
নিপুণ রায় বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমান নিহত হন। তাঁর মৃত্যু বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় গভীর শূন্যতা তৈরি করেছিল।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
