রাজধানীতে দুই মাস বয়সী কন্যাশিশুকে নির্যাতনের ঘটনায় পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১১ অক্টোবর রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, মামলার এজাহার ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লাভনী আক্তার (১৯) ও হৃদয় খানের বিয়ে হয় ২০২৬ সালের ২ জুলাই। হৃদয়ের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তাঁরা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁদের কন্যাসন্তান সাবিহা ইসলাম রোজার জন্ম হয় একই বছরের ১১ জুন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে শিশুটির বাবা তাকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ও মারধর করে গুরুতর আহত করেন। এরপর শিশুটিকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তিনি।
পরদিন সকালে শিশুটির মা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটি ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা লাভনী আক্তার বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন।
এসআরবি জানায়, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামি হৃদয় খানকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৪-এর কাছে অনুরোধ জানান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ অক্টোবর রাতে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হৃদয় খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
